বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের প্রত্যাশা পুনরুদ্ধারের আশার প্রতিফলন হলো বর্তমান সরকার।
বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, জুলাই সনদ কোনো নির্দিষ্ট জোট বা বিরোধী দলের দলিল নয়; এটি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সনদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সনদ বাস্তবায়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আফরোজা খানম বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র দুই মাস হলেও এই স্বল্প সময়েই উন্নয়ন ও জনসেবামূলক কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, সংসদে বিরোধিতা থাকবে, তবে তা দায়িত্বশীল ও শালীন হওয়া উচিত। অপ্রয়োজনীয় বিতর্ক সংসদীয় পরিবেশকে ব্যাহত করে।
জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, একে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা ঠিক নয়। মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি, আর জুলাই আন্দোলন ছিল একটি গণ-অভ্যুত্থান।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের পেছনে দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম রয়েছে, যেখানে বিএনপি ও এর নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মন্ত্রী দাবি করেন, বিএনপির বহু নেতাকর্মী দীর্ঘদিন জেল-জুলুম ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। তাই আন্দোলনের বাস্তবতা ও ইতিহাস সঠিকভাবে মূল্যায়ন করা প্রয়োজন।
বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সত্যের পাশে থাকতে হবে এবং অপ্রয়োজনীয় তর্ক, তাচ্ছিল্য ও বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে হবে।
তিনি বলেন, জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই সরকারের প্রধান লক্ষ্য, আর সেই লক্ষ্যেই তারা সংসদে কাজ করে যাচ্ছেন।