ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে আজও তেহরানে ভিড় করবেন হাজারো মানুষ। একই সঙ্গে ইসলামী প্রজাতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখা এবং তাঁর হত্যার প্রতিশোধ নেওয়ার বার্তা দিয়েছে তেহরান।
শনিবার (৪ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইরান। প্রায় ৩৭ বছর দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন।
তেহরানের গ্র্যান্ড মোসাল্লাসহ বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়ের কাছে প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত লাল পতাকা টানানো হয়েছে। বিভিন্ন আয়োজনে উচ্চারিত হচ্ছে, ‘আমাদের জেগে উঠতেই হবে’ স্লোগান। রাজধানীতে খামেনির মুষ্টিবদ্ধ হাতের একটি বড় প্রতিকৃতিও প্রদর্শন করা হয়েছে।
ভোর থেকেই গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, কয়েকটি মেট্রো স্টেশনে জনতা ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘ইসরায়েলের ধ্বংস হোক’ স্লোগান দিচ্ছেন।
সপ্তাহব্যাপী এই কর্মসূচিকে ঘিরে রাজধানীজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। অনুষ্ঠানস্থলের আশপাশে সাঁজোয়া যান, ভারী অস্ত্র এবং স্নাইপার মোতায়েন করেছে নিরাপত্তা বাহিনী।
[সূত্র: আল-জাজিরা]