দীর্ঘ রাজনৈতিক পরিবর্তনের পর দায়িত্ব নেওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন সরকারের প্রথম ১০০ দিনে নির্বাচনী প্রতিশ্রুতির বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের তথ্য তুলে ধরা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক ই-বুকে সরকারের বিভিন্ন খাতের কার্যক্রম, অর্জন ও চলমান পরিকল্পনার চিত্র উপস্থাপন করা হয়।
ই-বুকে বলা হয়, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন প্রশাসন। দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকার জনকল্যাণমুখী নানা কর্মসূচি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে।
সামাজিক নিরাপত্তা খাতে ইতোমধ্যে ৫৩ হাজারের বেশি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ এবং ২০ হাজারের বেশি পরিবারকে ‘কৃষক কার্ড’ প্রদান করা হয়েছে। পাশাপাশি ৫৫ লাখ পরিবারকে স্বল্পমূল্যে চাল বিতরণ কার্যক্রম চালু রাখা হয়েছে। প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী নাগরিকদের জন্য মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়ের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
অর্থনৈতিক সূচকেও ইতিবাচক অগ্রগতির তথ্য তুলে ধরা হয়েছে। সরকারের দাবি অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের বেশি হয়েছে এবং মূল্যস্ফীতির হার কমে এসেছে। একই সঙ্গে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি অর্জনের কথাও উল্লেখ করা হয়েছে।
কৃষি ও অবকাঠামো উন্নয়নে ৬৬৬টি খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে এবং ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন পেয়েছে। এছাড়া ভূমিসেবা ডিজিটাল করা এবং বিমান বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও শিক্ষা খাতে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা প্রদান এবং ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার তথ্য জানানো হয়েছে। শ্রমিকদের ঈদের আগেই বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করাকেও সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ক্রীড়া ও ধর্মীয় খাতে ক্রীড়াসামগ্রী বিতরণ, তরুণ ক্রীড়াবিদদের জন্য বিশেষ কর্মসূচি এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের মাসিক ভাতা দেওয়ার বিষয়ও ই-বুকে স্থান পেয়েছে। পাশাপাশি কোরবানির পশুর চামড়া সংরক্ষণে কসাইদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার কথাও বলা হয়েছে।
সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা খাতে আধুনিক রাডার ব্যবস্থা চালু এবং পাসপোর্টে ‘Except Israel’ শব্দবন্ধ পুনঃসংযোজনের সিদ্ধান্ত উল্লেখ করা হয়েছে। এছাড়া দুর্নীতি দমনে বহুল আলোচিত এস আলম গ্রুপের সম্পদ জব্দ ও বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগের কথাও তুলে ধরা হয়।
ই-বুকের তথ্য অনুযায়ী, গত ২৪ মে পর্যন্ত অনুষ্ঠিত ১০টি মন্ত্রিসভা বৈঠকে মোট ৬০টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে ৩৭টি সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে এবং বাকি সিদ্ধান্তগুলো বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।