কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। অভিযানকালে মাছ পরিবহনের অভিযোগে ছয় জনকে আটক করা হয়।
সরকার গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের জন্য বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের যৌথ টিম সদর উপজেলার টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাস ও দুটি পিকআপ তল্লাশি করে প্রায় ৪,৮০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছের বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা বলে জানা গেছে। মাছ পরিবহনের দায়ে বাস ও পিকআপের চালক ও হেল্পারসহ ছয় জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে নিষিদ্ধ সময়ে সামুদ্রিক মাছ পরিবহনের অপরাধে মোট ১৫,৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করে।
জব্দকৃত মাছ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।