রাজধানীর পল্লবীতে আলোচিত হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে তিনি পল্লবীতে রামিসার বাসায় গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রী রামিসার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। এ সময় সন্তান হারানোর বেদনায় ভেঙে পড়েন তারা। পরিবারের সদস্যরা তাদের বর্তমান বসবাসের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাদের জন্য উন্নত পরিবেশে থাকার ব্যবস্থা করার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, রামিসার পরিবারের প্রতি প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়া ও ভবিষ্যৎ দায়িত্বভার নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি জানান, মামলার চার্জশিট দ্রুত দাখিল এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা একেএম শামসুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল আলম মিল্টনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি বাসা থেকে সাত বছর বয়সী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।