জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রমের মাধ্যমে গত প্রায় ১৭ বছরে বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে। সংস্থার তথ্যমতে, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত প্রি-কেইস ও পোস্ট-কেইস মিলিয়ে মোট ২ লাখ ৩২ হাজার ১৭৪টি মামলায় এডিআর উদ্যোগ গ্রহণ করা হয়।
লিগ্যাল এইডের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, এসব মামলার মধ্যে ইতোমধ্যে ২ লাখ ৫ হাজার ৩৮২টি মামলা সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। এডিআরের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ফলে প্রায় ৪ লাখ ৫৬৭ জন উপকারভোগী সরাসরি সুফল পেয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি অর্থায়নে ১৪ লাখ ৬১ হাজার ৬৩০ জনকে আইনি সহায়তা প্রদান করা হয়েছে। দেশের আর্থিকভাবে অসচ্ছল ও বিচারপ্রাপ্তিতে অক্ষম মানুষদের জন্য এ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
লিগ্যাল এইডের আওতায় সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের বিভিন্ন নিম্ন আদালত, শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিদেরও আইনি সহায়তা দেওয়া হচ্ছে।
সংস্থাটি জানায়, ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
সংশ্লিষ্টরা বলছেন, আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির এই পদ্ধতি একদিকে যেমন বিচারপ্রার্থীদের সময় ও অর্থ সাশ্রয় করছে, অন্যদিকে আদালতের মামলার চাপ কমাতেও কার্যকর ভূমিকা রাখছে।