দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বিদেশি পর্যটক এবং দুইজন ক্রু সদস্য রয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১ আগস্ট) পর্যটকদের নিয়ে পেরুর বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন নাজকা লাইনস পরিদর্শনের উদ্দেশ্যে বিমানটি যাত্রা শুরু করে। এটি ইকা বিভাগের পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা হোর্হে আন্দ্রেদে জানান, বিমানে থাকা ১১ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্যের সবাই নিহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি মাটিতে আছড়ে পড়ার পর আগুন ধরে যায়। ফলে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। বিমানটি পেরুর বেসরকারি ভ্রমণ সংস্থা অ্যারোডিয়ানা পরিচালনা করছিল। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
নাজকা লাইনস খ্রিস্টপূর্ব ৫০০ থেকে খ্রিস্টাব্দ ৫০০ সালের মধ্যে মাটিতে তৈরি বিশালাকার জ্যামিতিক নকশা ও পশুপাখির চিত্রের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যস্থল আকাশ থেকে সবচেয়ে স্পষ্ট দেখা যায়। এ কারণে প্রতিবছর হাজারো পর্যটক ছোট বিমানে করে নাজকা লাইনস পরিদর্শনে যান।
মাচু পিচু, কুস্কো ও নাজকা লাইনসের মতো ঐতিহাসিক নিদর্শনের কারণে প্রতিবছর লাখো বিদেশি পর্যটক পেরু সফর করেন।
সূত্র: আল জাজিরা