বগুড়ায় নকল পণ্য তৈরি ও অনলাইনে বিক্রির দায়ে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার বেলা ১১টার দিকে শহরের লতিফপুর কলোনির সেলিনা আসরাফের মন্ডল হাউজের তৃতীয় তলায় পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান।
অধিদপ্তর সূত্রে জানা যায়, ফিরোজ কবির ফারুক নামে এক ব্যক্তি ভাড়া বাসায় বসে নিবন্ধিত বিডি হেলথ কোম্পানির ‘প্রশান্তি তেল’সহ বিভিন্ন পণ্যের নকল তৈরি করছিলেন। তিনি আসল প্রতিষ্ঠানের মোড়ক, তথ্য ও পরিচিতি ব্যবহার করে অনলাইনে এসব পণ্য বাজারজাত করতেন। এছাড়া ‘প্রশান্তি তেল’-এর বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে ঢাকার আশ-শিফার নামও ব্যবহার করা হচ্ছিল।
অভিযোগের সত্যতা পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযুক্ত ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করে।
অভিযান চলাকালে র্যাব-১২ এর সদস্যরাও উপস্থিত ছিলেন।