বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন উভয় দেশের প্রতিনিধিরা।
মঙ্গলবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল। এ সময় অস্ট্রেলিয়ান হাইকমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সামরিক প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করা হয়।
বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের গঠনমূলক অংশীদারিত্ব অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষই পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ককে আরও গভীর ও কার্যকর পর্যায়ে উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও বহুমাত্রিক রূপ দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ভবিষ্যতে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।
আইএসপিআর জানায়, এই সাক্ষাৎ দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।