দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দলের রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করা হতে পারে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমি এখনো কিছু জানি না। বৈঠকের সিদ্ধান্ত পেলে জানাব।’
স্থায়ী কমিটির একটি সূত্র জানায়, বৃহস্পতিবারের বৈঠকে দলের রাষ্ট্রপতি প্রার্থী বিষয়ে চেয়ারম্যান তারেক রহমান তার সিদ্ধান্ত জানাতে পারেন। কারণ স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব চেয়ারম্যানের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। আজ রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ায় বৈঠকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে এবং বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
এর আগে গত রবিবার প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রাষ্ট্রপতি প্রার্থীর জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার মনোনয়ন চূড়ান্ত করেছেন। গত শনিবার রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে সম্মতি জানিয়ে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন মির্জা ফখরুল।
রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় সংসদ সদস্যের প্রস্তাব ও সমর্থনের পাশাপাশি প্রার্থী ওই পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও দায়িত্ব গ্রহণে সম্মত, এ মর্মে তার স্বাক্ষর করা ঘোষণা বা বিবৃতি জমা দেওয়া বাধ্যতামূলক।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন জাতীয় সংসদের সদস্যরা। বর্তমান সংসদে সরকারি দল বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলে তার জয় নিশ্চিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।