ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি নিয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা সরকার নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ উদ্যোগে বাংলাদেশ ও চীনের যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত দ্বিতীয় ‘চায়না-বাংলাদেশ প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময়’ গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজ, সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ব্লু ইকোনমি নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। এ খাতে গবেষণা ও জ্ঞান বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
ব্লু ইকোনমি খাতে গবেষণা এগিয়ে নিতে চীনা বিশেষজ্ঞ ও গবেষকেরা বাংলাদেশের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন বলেও জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, সমুদ্রসম্পদের সম্ভাবনাকে কাজে লাগানো, গবেষণা এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে দেশের ব্লু ইকোনমির বিকাশ ঘটানো সম্ভব। এ ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।