ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হয়েছেন—এমন অভিযোগের পর তাঁর পাশে দাঁড়িয়েছেন দেশের একাধিক তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন পরীমণি, সাফা কবির, মম, মৌসুমী হামিদসহ শোবিজ অঙ্গনের অনেকেই।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওবার্তায় ভেনিসে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরেন বাঁধন। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
বাঁধনের অভিযোগের প্রতিক্রিয়ায় অভিনেত্রী পরীমণি একটি ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের তীব্র ভাষায় সমালোচনা করে বাঁধনের প্রতি সংহতি জানান।
অভিনেত্রী সাফা কবিরও ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। তাঁর মতে, একজন শিল্পী যখন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের কাজ ও দেশকে প্রতিনিধিত্ব করতে যান, তখন তাঁর জন্য সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হওয়া উচিত। কোনোভাবেই হয়রানি, অপমান কিংবা আতঙ্কের পরিস্থিতি তৈরি হওয়া কাম্য নয়।
সাফা আরও বলেন, শিল্পীর মতপ্রকাশের স্বাধীনতা থাকা প্রয়োজন এবং কোনো শিল্পীর কণ্ঠ বা অবস্থানকে কেন্দ্র করে তাঁকে হয়রানির মুখে পড়তে হওয়া উচিত নয়। বাঁধনের ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
অভিনেত্রী মৌসুমী হামিদও বাঁধনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্যে উঠে আসে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচার করার প্রবণতার সমালোচনা। তিনি বলেন, কোনো শিল্পীর ওপর হামলা বা হেনস্তা—তা দেশের ভেতরে কিংবা দেশের বাইরে, কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
মৌসুমী তাঁর বক্তব্যে আরও প্রশ্ন তোলেন, রাজনৈতিক মতাদর্শের পার্থক্যের কারণে কেন একজন শিল্পীর প্রতি ভিন্ন আচরণ করা হবে। তাঁর মতে, শিল্পীকে দলীয় পরিচয়ে নয়, তাঁর মনুষ্যত্ব ও কাজের মাধ্যমে মূল্যায়ন করা উচিত।
এদিকে অভিনেত্রী মমও সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁধনের পাশে দাঁড়িয়ে ঘটনাটিকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পরিস্থিতি এভাবে চলতে থাকলে তা আরও বড় সামাজিক অস্থিরতার দিকে যেতে পারে।
সব মিলিয়ে ভেনিসে বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া অভিযোগের ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে প্রতিবাদের সুর জোরালো হয়েছে। শিল্পীর নিরাপত্তা, সম্মান এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়েছেন সহকর্মীরা।