রাঙ্গামাটিতে সরকারি হাসপাতালের চিকিৎসা বর্জ্য নিরাপদে ব্যবস্থাপনার জন্য ‘হেলথ কেয়ার ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট’ উদ্বোধন করা হয়েছে। জাপান সরকারের অর্থায়ন এবং ইউএনডিপির কারিগরি সহায়তায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই প্ল্যান্ট স্থাপন করা হয়।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম এখন প্রত্যন্ত অঞ্চলেও দৃশ্যমান প্রভাব ফেলছে। বিশেষ করে স্বাস্থ্যখাতে আধুনিক ও নিরাপদ ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে।
তিনি জানান, পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ২৬টি সরকারি হাসপাতালে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হয়েছে। এতে দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে এবং পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।
মন্ত্রী বলেন, চিকিৎসাসেবার পাশাপাশি সংক্রামক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের কর্মসংস্থান, ডিজিটাল মনিটরিং এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে।