চট্টগ্রামের সন্দ্বীপে উড়িরচরে ৪৪৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় আজ সকাল সাড়ে ৮ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কোস্টগার্ড বেইস চট্টগ্রামের ব্যবস্থাপনায় সন্দ্বীপ থানাধীন উড়িরচর ইউনিয়নের এ এইচ নবদিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এই ক্যাম্পেইন-এ ৪৪৫ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়।
এতে আরও বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।