হবিগঞ্জে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৯৫ লাখ ১১ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
সোমবার ভোরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় হবিগঞ্জ ৫৫ বিজিবি। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক আটক করে তল্লাশি করা হয়।
বিজিবি জানায়, ট্রাকের পাথরের নিচে বস্তায় লুকানো অবস্থায় আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ ও জিরা পাওয়া যায়। বৈধ কাগজপত্র না থাকায় এসব পণ্য জব্দ করা হয়।
এছাড়া পৃথক অভিযানে মাধবপুরের হরিণখোলা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় আকাশমনি কাঠ জব্দ করে বিজিবি।
জব্দ করা পণ্য কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চোরাচালান চক্র শনাক্তে গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।