দেশে হামের বিস্তার ঠেকাতে সোমবার থেকে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সরকারের এই বিশেষ উদ্যোগের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে অবস্থিত ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে দেশের জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন পর্যায়েও স্থানীয়ভাবে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে স্থায়ী ও অস্থায়ী সব টিকাদান কেন্দ্রে শিশুদের টিকা দেওয়া হবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় দেশের সব এলাকায় এই বিশেষ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
ইপিআই সূত্রে জানা গেছে, এর আগে ৫ এপ্রিল প্রথম ধাপে ১৮ জেলার ৩০টি উপজেলায় এই কর্মসূচি শুরু হয়। পরে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহসহ ৪টি সিটি করপোরেশন এলাকায় দ্বিতীয় ধাপের কার্যক্রম চালু করা হয়। এখন তা দেশব্যাপী সম্প্রসারণ করা হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, দেশের অন্যান্য এলাকায় এই বিশেষ টিকাদান কর্মসূচি ১২ মে পর্যন্ত চলবে। আর সিটি করপোরেশন এলাকাগুলোতে কার্যক্রম অব্যাহত থাকবে ২০ মে পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের প্রতি পরামর্শ দিয়েছে, যেসব শিশুর জ্বর রয়েছে বা যারা বর্তমানে অসুস্থ, তাদের সুস্থ হওয়ার পর টিকা দিতে হবে। একইসঙ্গে, প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহ পূর্ণ না হলে হামের আরেকটি টিকা না দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।