শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মামলাটির চার্জশিট আজই দেওয়া হবে এবং ঈদের ছুটির মধ্যেও বিশেষ আদালত বসিয়ে দ্রুত বিচার নিশ্চিত করা হবে।
রোববার সচিবালয়ে বিএসআরএফ আয়োজিত সংলাপে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মামলার আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করতে বিশেষ আদালতের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সরকার জনগণের কাছে স্বচ্ছ থাকতে চায় এবং গণমাধ্যমের মাধ্যমে নিজেদের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে আগ্রহী।
মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে সরকার বিশ্বাসী উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতার অপব্যবহার করে কেউ যদি সমাজে অস্থিরতা বা মানুষের সম্মানহানি ঘটায়, তাহলে তা গ্রহণযোগ্য হবে না।
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপপ্রচার বা অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।