দেশে হামের প্রকোপ মোকাবিলায় ঈদের ছুটিতেও চিকিৎসাসেবা সচল রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হামের রোগীদের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও জরুরি স্বাস্থ্যসেবা কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে, সেসব প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ও নার্সদের ঈদের সময়ও কর্মস্থলে থাকতে হবে। এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় সার্কুলার জারি করা হয়েছে।
তিনি আরও বলেন, ঈদের ছুটির সময়েও যাতে রোগীরা নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।