যুক্তরাষ্ট্র ওমান সাগরে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটক করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। চীন সব পক্ষকে যুদ্ধবিরতি চুক্তি দায়িত্বশীলভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, “হরমুজ প্রণালির পরিস্থিতি সংবেদনশীল ও জটিল।”
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সব পক্ষকে উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকতে হবে এবং প্রণালি দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে হবে।
এর আগে যুক্তরাষ্ট্র দাবি করে, তারা ইরানের একটি কার্গো জাহাজে গুলি চালিয়ে সেটি জব্দ করেছে, কারণ জাহাজটি ইরানি বন্দরের ওপর আরোপিত অবরোধ এড়ানোর চেষ্টা করছিল।
ইরানের সামরিক বাহিনী জানায়, জাহাজটি চীন থেকে আসছিল এবং তারা এটিকে যুক্তরাষ্ট্রের সশস্ত্র জলদস্যুতা বলে আখ্যা দিয়ে এর জবাবে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।