এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করেছে সৌদি আরব। নতুন এই ভিসার মাধ্যমে ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করে ওমরাহ পালন করতে পারবেন। তবে মোট অবস্থানের সময়সীমা হবে সর্বোচ্চ ৯০ দিন। সোমবার (২০ জুলাই) সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ সংবাদ জানিয়েছে গালফ নিউজ।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় নতুন এই ভিসা চালুর ঘোষণা দিয়েছে। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, ভিসাটি ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি ভিশন ২০৩০ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ওমরাহযাত্রীদের ভ্রমণ সহজ করা, সেবার মান উন্নত করা এবং সেবা ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নতুন ব্যবস্থায় প্রতিবার ওমরাহ পালনের আগে ভিসাধারীদের ‘নুসুক’ প্ল্যাটফর্মের অনুমোদিত সেবাদাতার কাছ থেকে একটি সেবাপ্যাকেজ কিনতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমার বেশি হতে পারবে না। এ ছাড়া সৌদি আরবে যাওয়ার আগে ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ওমরাহর অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করতে হবে।
প্রতিবার সৌদি আরব ত্যাগের পর ভিসাটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হবে। পরবর্তী সফরের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ হলে এটি আবার সক্রিয় করা হবে।
তবে হজ মৌসুমে এই ভিসা কার্যকর থাকবে না। জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসার সুবিধা স্থগিত থাকবে।