বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করলেন নুরুন্নাহার নিম্নি। তৃতীয় বাংলাদেশি নারী এবং অষ্টম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন তিনি।
বুধবার ভোর ৫টা ২৪ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন নুরুন্নাহার নিম্নি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।
এর আগে ২০১২ সালের ১৯ মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে শিখরে পৌঁছান ওয়াসফিয়া নাজরীন। দীর্ঘ ১৪ বছর পর আবারও কোনো বাংলাদেশি নারী এভারেস্ট জয়ের গৌরব অর্জন করলেন।
জানা গেছে, গত ১১ এপ্রিল নেপালে যান নিম্নি। কাঠমান্ডু ও লুকলা হয়ে তিনি এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছান এবং ১৭ মে শুরু করেন চূড়ান্ত অভিযাত্রা। ধাপে ধাপে বিভিন্ন ক্যাম্প অতিক্রম করে ২৩ মে ক্যাম্প-৪-এ পৌঁছালেও প্রতিকূল আবহাওয়ার কারণে সেদিন শিখরে ওঠা সম্ভব হয়নি।
পরবর্তীতে কয়েকদিন ক্যাম্প-২-এ অবস্থান করে অনুকূল আবহাওয়ার অপেক্ষা করেন তিনি। আবহাওয়া স্বাভাবিক হলে ২৫ মে আবারও যাত্রা শুরু করেন এবং সেখান থেকে চূড়ান্ত আরোহণ শেষে এভারেস্ট জয় করেন।
অভিযানে তার সঙ্গে ছিলেন নেপালের এইটকে এক্সপেডিশনের একজন শেরপা। বর্তমানে পূবালী ব্যাংক পিএলসি-তে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত নুরুন্নাহার নিম্নির এই অভিযানের পৃষ্ঠপোষকতাও করেছে প্রতিষ্ঠানটি।
রংপুরে বেড়ে ওঠা নিম্নি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ভূতত্ত্ব বিভাগ থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন।