খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করেছে এসআরবি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় এসআরবি-৮ ও এসআরবি-৬-এর একটি যৌথ অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-৮-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু। গ্রেপ্তার জয়নাল সরদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৮-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়নাল সরদারের বিরুদ্ধে খুলনার রূপসা থানায় ১৯৯৯ সালে একটি হত্যা মামলা হয়। ওই মামলায় আদালত হত্যার অপরাধে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া লাশ গুমের অপরাধে তাকে পৃথকভাবে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।