জেলার বটিয়াঘাটা উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. মুকুল কাগজীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১০ নম্বর সোরা গ্রামের বাসিন্দা রাজ্জাক কাগজীর ছেলে।
আজ বুধবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম। দণ্ডপ্রাপ্ত আসামি মুকুল কাগজী বর্তমানে পলাতক রয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালে আসামি মুকুল কাগজীর সঙ্গে উপজেলার দারোগার ভিটার বাসিন্দা মো. বিল্লাল হোসেন মল্লিকের মেয়ে মোছা. হেনা বেগমের বিয়ে হয়।
বিয়ের পর ওই দম্পতির কোলজুড়ে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে।
এরপর থেকে মুকুল হেনাকে প্রায়ই মারধর করতো। বিষয়টি হেনা তার বাবাকে অবগত করলে তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের মিলেমিশে থাকার পরামর্শ দেন।
২০১৬ সালের ৮ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার শান্তিনগর বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে হেনাকে মারধর করা হয়। বিষয়টি ফুফুকে জানানোর জন্য হেনা বাড়ি থেকে বের হয়ে আশিকের ভিটায় পৌঁছালে পেছন থেকে মুকুল কাগজী তার মাথায় ইট দিয়ে আঘাত করে। এরপর মৃত্যু নিশ্চিত করে সে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় নিহতের বাবা বিল্লাল বাদী হয়ে ঘটনার পরের দিন বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন। একই বছরের ৩১ অক্টোবর বটিয়াঘাটা থানার এসআই বোধন চন্দ্র বিশ্বাস মামলার আসামি মো. মুকুল কাগজীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।