জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি শান্তিরক্ষী ও পুলিশ সদস্য মোতায়েন, নেতৃত্বস্থানীয় পদে বাংলাদেশি কর্মকর্তাদের নিয়োগ এবং বিশেষায়িত পুলিশ ইউনিট পাঠানোর ক্ষেত্রে জাতিসংঘের জোরালো সমর্থন চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৭ জুলাই) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এ তথ্য জানায়।
নিউইয়র্কে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ-পিয়েরে ল্যাক্রোয়া এবং অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে পৃথক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা অবদান, পেশাগত সক্ষমতা ও ভবিষ্যৎ প্রস্তুতির বিষয় তুলে ধরেন।
তিনি পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেমের আওতায় বাংলাদেশের একটি ফর্মড পুলিশ ইউনিটকে (এফপিইউ) র্যাপিড ডিপ্লয়মেন্ট লেভেলে উন্নীত করা, আরও বাংলাদেশি পুলিশ কর্মকর্তা মোতায়েন এবং বর্তমান ও ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি এফপিইউ অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান।
এ ছাড়া জাতিসংঘ সদর দপ্তর ও বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি কর্মকর্তাদের জন্য আরও নেতৃত্বস্থানীয় ও পেশাগত পদ সৃষ্টির আহ্বান জানান তিনি।
জ্যঁ-পিয়েরে ল্যাক্রোয়া শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ধারাবাহিক অবদানের প্রশংসা করেন। তিনি প্রশিক্ষিত ও দক্ষ বাংলাদেশি পুলিশ সদস্য পাঠানোর প্রস্তুতিকেও স্বাগত জানান এবং বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।
অন্য বৈঠকে অতুল খারের সঙ্গে হাইতিতে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট মোতায়েন, সরঞ্জাম, পরিবহন, রি-ইম্বার্সমেন্ট, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং নারী শান্তিরক্ষীদের জন্য অবকাঠামোগত ও লজিস্টিক সহায়তা নিয়ে আলোচনা হয়।
অতুল খারে বাংলাদেশি শান্তিরক্ষা মিশনের জন্য প্রয়োজনীয় অপারেশনাল সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।