জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরে তিনি ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন।
স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সকালে সড়কপথে ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশে রওনা দেবেন। বেলা ১২টায় তিনি একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে বিকেল ৩টায় ত্রিশালের নজরুল অ্যাকাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন।
সফরসূচি অনুযায়ী, বিকেলে তিনি নজরুল অডিটরিয়ামে স্থানীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকেও অংশ নেবেন। দিনশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
এদিকে ময়মনসিংহ জেলা প্রশাসন সফর ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে। নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালে তিন দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং মেলা আয়োজন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ আয়োজনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।