জ্বালানি সংকটের মধ্যে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, রাজনীতি মানুষের জন্য, মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য নয়। জনস্বার্থে রাজনীতি করলে জ্বালানি অপচয়কারী লংমার্চ বাতিল করাই হবে সঠিক সিদ্ধান্ত।
তারাকান্দা দক্ষিণ বাজারে উত্তর জেলা বিএনপির শোভাযাত্রা পূর্ব সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, দেশজুড়ে তেল ও গ্যাসের সংকট চলছে। এই অবস্থায় বিশাল বহর নিয়ে দীর্ঘ পথের কর্মসূচিতে বিপুল জ্বালানি ব্যয় করা স্ববিরোধী ও জনস্বার্থ বিরোধী। এমন কর্মসূচি সংকট আরও বাড়িয়ে জনগণকে বিভ্রান্ত করবে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। সমাবেশ শেষে তারাকান্দায় একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এদিকে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের আলোচনা সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের নির্বাচিত সরকার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে পাহাড়সম চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ পুনর্গঠন ও জনকল্যাণে কাজ করছে। অথচ বিরোধী দল সরকারের কাজে সহযোগিতা করার পরিবর্তে বিশৃঙ্খলা সৃষ্টি করে দুরভিসন্ধিমূলক রাজনীতি করছে।
প্রিন্স বলেন, ছয় মাসে একটি সরকার সফল না ব্যর্থ—তা নির্ণয়ের জন্য কোনোভাবেই যথেষ্ট সময় নয়। একটি সরকারকে মূল্যায়ন করতে হলে তার দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাস্তবায়নের অগ্রগতি, অর্থনীতি পুনর্গঠনের উদ্যোগ, জনকল্যাণমূলক কর্মসূচি এবং জনগণের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ বিবেচনা করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি পাহাড়-সমতল নির্বিশেষে সব জনগোষ্ঠীর দল। দলটির মূল অঙ্গীকার হলো বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা।
দুটি কর্মসূচিতেই ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি, ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল এবং বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।