ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) মুহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। ওই বক্তব্যের প্রতিবাদে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোচ্চার হয়েছিলেন। পরে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার আন্দোলন আরও বিস্তৃত হয়।
ছাত্রদল মনে করে, ভাষা আন্দোলনের সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন বিশ্ববিদ্যালয়ের ভাষা আন্দোলন ও স্বাধীনতার ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডাকসুর বর্তমান নেতৃত্বের বিভিন্ন কর্মকাণ্ডেরও সমালোচনা করা হয়। ছাত্রদলের অভিযোগ, শিক্ষার্থীদের আবাসন সংকট, অধিকার আদায় ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমান নেতৃত্ব প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। একই সঙ্গে ডাকসুকে নির্দিষ্ট রাজনৈতিক ও আদর্শিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগও করা হয়।
বিজ্ঞপ্তিতে মধুর ক্যান্টিনের নাম পরিবর্তনের উদ্যোগের কথাও উল্লেখ করে ছাত্রদল দাবি করে, ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনসহ এসব কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক চেতনা ও ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বিবৃতিতে ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণের দাবি জানান। একই সঙ্গে ডাকসুকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর আদর্শ চর্চার স্থান হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান তারা।
নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্থাপনা, স্মারক ও ঐতিহ্য রক্ষায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।