ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে নিয়মনীতি ও শৃঙ্খলার আওতায় আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার সচিবালয়ে তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ ও জবাবদিহির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে কোনো একক দেশের পক্ষে এটি কার্যকরভাবে করা সম্ভব নয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক, গণমাধ্যম, সংস্কৃতি এবং জ্ঞানভিত্তিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
তথ্যমন্ত্রী তুরস্কে অনুষ্ঠিত ‘স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট’-এ অংশগ্রহণের কথা উল্লেখ করে বলেন, আধুনিক তথ্য ব্যবস্থাপনা ও তথ্য আদান-প্রদানে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
এ সময় তুরস্কের রাষ্ট্রদূত দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর সঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সহযোগিতা বাড়ানোর প্রস্তাব তথ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
মন্ত্রী সরকারি পর্যায়ে দুই দেশের সংবাদমাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।