যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার প্রত্যাশা জানিয়েছে ঢাকা।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ এখনো পাওয়া যায়নি।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ওয়াশিংটনে বাংলাদেশ মিশন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, এফবিআই এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।
তিনি বলেন, দুই পরিবারের সঙ্গে তার কথা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষ হলে লিমনের মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।
শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করবে এবং দায়ীদের বিচারের মুখোমুখি করবে।
এ ছাড়া তিনি জানান, হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়েও সরকার নজর রাখছে।