আগামী শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই ডিসেম্বরে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এ জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব বই প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সময়মতো বই পৌঁছে দিতে সরকার কাজ করছে। ডিসেম্বরে বার্ষিক পরীক্ষার সময়ই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন পাঠ্যপুস্তক প্রস্তুতের সব কার্যক্রম শেষ করতে হবে।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে দরপত্র প্রক্রিয়া চলছে। আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই সব কার্যাদেশ দেওয়া হবে। এরপর সংশ্লিষ্ট প্রকাশকরা বই ছাপানোর কাজ শুরু করবেন।
তিনি জানান, বই মুদ্রণ ও বিতরণ কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) যৌথভাবে তদারকি করছে। নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে সরকার প্রস্তুত রয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বর্তমান শিক্ষাক্রমে কিছু পরিমার্জন আনা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।