শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শেরপুরে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ করা শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় শেরপুর শহরের রঘুনাথ জিউর মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. হযরত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন।
এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং তাঁদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম ভিপি, সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, শহর বিএনপির সদস্যসচিব আবু জাফর, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, শেরপুর জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহসভাপতি গৌতম সাহা এবং শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ।
এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সনাতন ধর্মাবলম্বী প্রায় তিন শতাধিক নারী-পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।