প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান, অভিজ্ঞতা ও বিনিয়োগ দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রবাসীদের আরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
রোববার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা শুধু রেমিট্যান্স পাঠিয়েই দেশের অর্থনীতিতে অবদান রাখছেন না, বরং বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁর মতে, প্রবাসী সমাজ বাংলাদেশের অন্যতম বড় সম্পদ।
বৈঠকে কাউন্সিলর শিবলি আলম বাংলাদেশের নারীর ক্ষমতায়নে অর্জিত সাফল্যের প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ে নারীরা ভবিষ্যতে আরও বড় ভূমিকা রাখবেন।
তিনি নারীদের স্বাস্থ্যসুরক্ষা এবং তাদের আইনগত ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত ও শক্তিশালী করার ব্যাপারেও উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।