চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের সুজানগর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় বাংলাদেশ পুলিশ এ অভিযান পরিচালনা করে।
হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল চৌধুরী জানান, কয়েকদিন ধরে সুজানগর ও রাঙ্গাপানি চা বাগান এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে নজরদারি বাড়ানো হয়। এ তৎপরতার মুখে দুর্বৃত্তরা অস্ত্রগুলো ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।
পরে ভূজপুর থানা পুলিশের সহায়তায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো জব্দ করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।