দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রকল্প অনুমোদনের জটিলতা কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে হলে অপ্রয়োজনীয় ধাপ ও অনুমোদন প্রক্রিয়া বাদ দিতে হবে।
সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
বৈঠকে বন্ধ থাকা সরকারি কল-কারখানার বর্তমান অবস্থা, পুনরায় চালুর সম্ভাবনা এবং বেসরকারি বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, যারা আন্তরিকভাবে দীর্ঘদিন বন্ধ থাকা সরকারি কল-কারখানায় বিনিয়োগ করতে চান, সরকার তাদের প্রয়োজনীয় সহায়তা দেবে। এ ক্ষেত্রে ঋণপ্রাপ্তি সহজ করতেও সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, প্রকল্প অনুমোদনে যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলো বাদ দিতে হবে, যাতে বিনিয়োগকারীরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন।
বৈঠকে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রীসহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিডা, বিটিএমসি ও বিজেএমসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।