ভারতের আসাম রাজ্যের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে আরও ৭ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল পাঠানো শুরু হয়েছে। এই জ্বালানি বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসির ডিপোতে পৌঁছাবে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানিয়েছেন, সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়। তিনি বলেন, এই চালানটি পুরোপুরি পার্বতীপুর ডিপোতে পৌঁছাতে আনুমানিক ৬৫ ঘণ্টা সময় লাগবে।
তিনি আরও জানান, বর্তমানে দেশে ডিজেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো ঘাটতি নেই। মজুতও পর্যাপ্ত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ চালানের পর আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে এপ্রিল মাসে ভারত থেকে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এরই মধ্যে চলতি মাসে দুই দফায় ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসে পৌঁছেছে। নতুন চালান যুক্ত হলে জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।