জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে মাদক, অপশক্তি ও ফ্যাসিবাদের কোনো স্থান থাকবে না। মানুষ সেখানে সুন্দর ও নিরাপদ জীবনযাপন করবে।
শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, রবীন্দ্রনাথের কবিতা ও গান বাঙালির সংগ্রাম, সংস্কৃতি ও চেতনার সঙ্গে গভীরভাবে জড়িত। স্বাধীনতাযুদ্ধ থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলন, সব ক্ষেত্রেই তাঁর সাহিত্য মানুষকে প্রেরণা দিয়েছে।
তিনি বলেন, রবীন্দ্রনাথ সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা একজন চিন্তক ছিলেন। সাহিত্য, সংগীত, নাটক ও উপন্যাসসহ প্রায় সব ক্ষেত্রেই তাঁর দৃঢ় পদচারণা ছিল।
বর্তমান প্রজন্মকে রবীন্দ্রনাথের লেখা পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে হবে। একই সঙ্গে অপসংস্কৃতি থেকে বেরিয়ে নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধে ফিরে আসতে হবে।
অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।