রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, গ্রেনেড ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া বিভাগ জানিয়েছে, এসব ঘটনায় মোট ৪৬টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৭ জন রয়েছেন। এছাড়া তেজগাঁও বিভাগে ৬৭, ওয়ারী ও উত্তরা বিভাগে ৫০ জন করে, লালবাগে ৪৫, মতিঝিলে ৩৬, গুলশানে ৩১, রমনায় ২৯ এবং গোয়েন্দা বিভাগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি একটি তলোয়ার, একটি ছোরা ও একটি গ্রেনেডও উদ্ধার করেছে পুলিশ।
এছাড়া অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯ হাজার ১২৭ পিস ইয়াবা এবং ৩ দশমিক ২ গ্রাম গুড়া ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশের অভিযানে একটি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকাও উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।