বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী অনন্যা রাজ মারা গেছেন। মাত্র ২৭ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, বন্ধু ও ভক্তদের মধ্যে। মৃত্যুর প্রায় এক মাস পর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
পরিবারের বিবৃতি অনুযায়ী, গত ১৫ জুলাই মধ্যরাতে ঘুমের মধ্যেই মারা যান অনন্যা। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মৃত্যুর আগে প্রায় এক বছর ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। বিভিন্ন অস্বস্তি ও কষ্টের মধ্যেও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছিলেন এই অভিনেত্রী।
অনন্যার শেষকৃত্যের কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে তাঁর পরিবার। তবে তাঁর মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। একই সঙ্গে পরিবারের এই কঠিন সময়ে তাঁদের গোপনীয়তা ও মানসিক অবস্থার প্রতি সম্মান দেখানোর জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এদিকে মৃত্যুর আগে অনন্যার দেওয়া সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টটিও নতুন করে আলোচনায় এসেছে। গত ১৭ মে একটি শুটিংয়ের ছবি প্রকাশ করে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন তিনি। ছবির সঙ্গে লিখেছিলেন, ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবার জ্বলে ওঠার সময়।’
মৃত্যুর আগে দেওয়া সেই আশাবাদী বার্তাই এখন ভক্তদের মধ্যে আবেগের জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনন্যার দেড় লাখের বেশি অনুসারী ছিল। ২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর ২০১৭ সালে ‘দ্য ফাইনাল এক্সিট’ এবং ২০১৯ সালে ‘ঘোস্ট’ সিনেমায় অভিনয় করেন তিনি।
সিনেমার পাশাপাশি বিভিন্ন মিউজিক ভিডিওতেও কাজ করেছেন অনন্যা। টি-সিরিজ, জি মিউজিক ও টাইমস মিউজিকের মতো প্রতিষ্ঠিত মিউজিক লেবেলের বেশ কয়েকটি প্রকল্পে দেখা গেছে তাঁকে। আঞ্চলিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ‘থাগ্গেদে লে’ এবং ত্রিভাষিক সিনেমা ‘মাদ্রাসি গ্যাং’ তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে।
সূত্র: বলিউড শাদিজ