বাংলাদেশে কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষকে ‘সংখ্যালঘু’ হিসেবে পরিচিত হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ধর্ম বা অন্য কোনো বিভাজন নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে। সবার প্রথম পরিচয় ‘আমরা বাংলাদেশি’।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে ‘কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ১৪৩৩’ উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নেতা বলেছেন, সবার আগে বাংলাদেশ। তাই আমরা প্রত্যেকেই সবার আগে বাংলাদেশি। ধর্মীয়, সামাজিক বা নৃগোষ্ঠীগত পরিচয় পরে আসবে। রাষ্ট্র পরিচালনায় সরকারের মূল নীতি সবার জন্য বাংলাদেশ।’
অতীতের রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘যারা সনাতন ধর্মাবলম্বীদের একটি নির্দিষ্ট দলের ভোট ব্যাংক মনে করতেন, দেশের সচেতন জনগণ সেই ভুল ধারণা ভেঙে দিয়েছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও আচার পালনের অধিকার নিশ্চিত করেছে। গণতন্ত্র সুদৃঢ় করতে ও উগ্রবাদের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা থাকবে।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্র প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বাধ্য। ধর্মের ভিত্তিতে বৈষম্যের সুযোগ নেই। সব ধর্মের উপাসনালয় ও দায়িত্বপ্রাপ্তদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।
‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দটির বদলে ‘ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি’ ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, সহাবস্থান ও শান্তি বজায় রাখব। এই ইতিবাচক চর্চা সমাজকে আরও সুন্দর করবে।’
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।
আরও বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন)।
পলাশী মোড়ের ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গন থেকে জন্মাষ্টমীর মিছিল শুরু হয়ে বাহাদুর পার্কে গিয়ে শেষ হয়।