নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌর বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর সুবিধা আরও বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সুবিধার ফলে এসব উপকরণ আমদানিতে মোট করভার ১৭ শতাংশ থেকে কমে ১ শতাংশে নেমে এসেছে।
বুধবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌর বিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে এ সুবিধা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস সৌর বিদ্যুৎ খাতের প্রয়োজনীয় উপকরণ আমদানিতে আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ওই সুবিধার ফলে এসব পণ্য আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট ১৭ শতাংশ করভার প্রযোজ্য ছিল।
এনবিআর জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি এবং রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এসব পণ্য আমদানিতে এখন মোট করভার হবে ১ শতাংশ। এ সুবিধা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।
এনবিআর আরও জানায়, এর আগে বাণিজ্যিক আমদানিকারকদের ক্ষেত্রে সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে এ সুবিধা প্রযোজ্য ছিল না। বর্তমানে শর্তসাপেক্ষে বাণিজ্যিক আমদানিকারকরাও এ সুবিধা পাবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ সুবিধার ফলে সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমবে, নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন আরও শক্তিশালী হবে।