হবিগঞ্জে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৯৫ লাখ ১১ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে ৫৫ বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান এলাকায় ভোরে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি করলে পাথরের নিচে বস্তায় লুকানো অবস্থায় আমদানি নিষিদ্ধ ওষুধ ও জিরা পাওয়া যায়। বৈধ কাগজপত্র না থাকায় সেগুলো জব্দ করা হয়।
এছাড়া মাধবপুরের হরিণখোলা এলাকায় পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় আকাশমনি কাঠ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩১ হাজার ৭৮০ টাকা।
জব্দ করা পণ্যগুলো নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। চোরাচালান চক্র শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান।