হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবের বিরুদ্ধে চীনের অবস্থানকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে রাশিয়া। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, হরমুজ প্রশ্নে ওয়াশিংটনের খসড়া প্রস্তাব ‘সঠিক নয়’ এবং এ বিষয়ে বেইজিংয়ের সমালোচনার সঙ্গে মস্কো পুরোপুরি একমত।
শনিবার (১৬ মে) নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে উলিয়ানভ বলেন, বাহরাইন ও যুক্তরাষ্ট্রের উত্থাপিত ইরানবিরোধী খসড়া প্রস্তাব নিয়ে চীনের যে অবস্থান, রাশিয়াও সেই অবস্থান সমর্থন করে।
এর আগে শুক্রবার জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত মার্কিন-বাহরাইনি যৌথ প্রস্তাবটির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, প্রস্তাবটির বিষয়বস্তু ও এটি উপস্থাপনের সময়—দুটিই অনুপযুক্ত। এমন প্রস্তাব পরিস্থিতি শান্ত করার পরিবর্তে আরও উত্তেজনা বাড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ খসড়া প্রস্তাবে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে হামলা ও মাইন স্থাপন বন্ধের দাবি জানানো হয়েছে। তবে কূটনৈতিক মহলের ধারণা, প্রস্তাবটি ভোটাভুটিতে উঠলে রাশিয়া ও চীন আবারও ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। এর আগেও একই ধরনের একটি মার্কিন প্রস্তাবকে ‘একপেশে’ আখ্যা দিয়ে ভেটো দিয়েছিল দেশ দুটি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের পর তেহরান শত্রুভাবাপন্ন দেশগুলোর জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরের ওপর নতুন অবরোধ আরোপ করে বলে অভিযোগ তেহরানের।
এর জবাবে ইরান হরমুজ প্রণালিতে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালানোর চেষ্টা করলেও ইরানের প্রতিরোধের মুখে তা বন্ধ করতে বাধ্য হয় বলে দাবি করা হয়েছে।
তেহরান বলছে, হরমুজ প্রণালির বর্তমান সংকট কোনো বিচ্ছিন্ন সামুদ্রিক বিরোধ নয়; বরং এটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী নীতির সরাসরি ফল।
সূত্র: প্রেস টিভি