তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় UNESCO-এর কারিগরি সহায়তা চেয়েছেন। তিনি এ লক্ষ্যে একটি কার্যকর ও বাস্তবমুখী রোডম্যাপ প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে ইউনেস্কো প্রতিনিধি সংস্থাটির চলমান কার্যক্রম তুলে ধরেন এবং বিশ্বজুড়ে ভুল তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে তাদের উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি জানান, বর্তমানে তথ্য যাচাই বা ফ্যাক্ট-চেকিং কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এ বিষয়ে বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ইউনেস্কোর এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, গণমাধ্যম ও তথ্য ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ইউনেস্কোর মধ্যে যৌথভাবে কাজ করার বিস্তর সুযোগ রয়েছে। প্রযুক্তিনির্ভর এ সময়ে তথ্যের স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে ইউনেস্কোর অভিজ্ঞতা কাজে লাগানোর ওপরও জোর দেন তিনি।
এ সময় ইউনেস্কোর পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।
বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।