বোরো মৌসুমে ধান, চাল ও গমের সরকারি ক্রয়মূল্য এবং সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে তিনি জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বোরো ধান কেজি প্রতি ৩৬ টাকা দরে সংগ্রহ করা হবে, যা আগের মৌসুমের মতোই রাখা হয়েছে। একইভাবে সিদ্ধ চালের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি ৪৯ টাকা এবং আতব চালের ক্ষেত্রে ৪৮ টাকা। গমের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি ৩৬ টাকা।তিনি আরও জানান, এবারের বোরো মৌসুমে ধান ও খাদ্যশস্য সংগ্রহের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ লাখ ১০ হাজার মেট্রিক টন। এর মধ্যে বোরো ধান সংগ্রহের লক্ষ্য ৫ লাখ মেট্রিক টন, সিদ্ধ চাল ১২ লাখ মেট্রিক টন এবং আতব চাল ১ লাখ মেট্রিক টন। পাশাপাশি গম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার মেট্রিক টন।