প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শুধু তাত্ত্বিক আলোচনা যথেষ্ট নয়। বরং বাস্তব সমস্যার সমাধানভিত্তিক গবেষণা, পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তাঁর লেখা শিক্ষা সংস্কারবিষয়ক গবেষণাগ্রন্থ ‘বাংলাদেশের শিক্ষা সংস্কারের রূপরেখা: দ্য লার্নিং নেশন’ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা একটি জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ। তাই শিক্ষাকে আধুনিক, মানবিক ও বাস্তবসম্মত করতে হলে মাঠপর্যায়ের সমস্যাগুলো বুঝে সমাধানের পথে এগোতে হবে।
তিনি জানান, দেশের শিক্ষা খাতে গবেষণা ও গবেষণালব্ধ জ্ঞানের ব্যবহার এখনও সীমিত। এই ঘাটতি পূরণ করতে না পারলে টেকসই শিক্ষা সংস্কার সম্ভব হবে না।
ববি হাজ্জাজ বলেন, কোথাও বিদ্যালয়ে পর্যাপ্ত শৌচাগার নেই, কোথাও জমি সংকট রয়েছে। এসব সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়, তবে সরকার বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, শিক্ষা ব্যবস্থার সঠিক রোগ নির্ণয় জরুরি। শিক্ষার্থীরা যদি প্রয়োজনীয় দক্ষতা অর্জন না করেই পরবর্তী ধাপে চলে যায়, তাহলে দক্ষ মানবসম্পদ তৈরিতে বড় সংকট তৈরি হবে।
অনুষ্ঠানে শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা শিক্ষা সংস্কারের নানা দিক নিয়ে আলোচনা করেন।