যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-এর প্রধান মোহন ভাগবতের একটি অনুষ্ঠান ঘিরে চরম হট্টগোল তৈরি হয়েছে।
বিশ্বজুড়ে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা দেওয়ার উদ্দেশ্যে ‘আহেড ফোরাম’ নামের একটি সংস্থা এই সমাবেশের আয়োজন করে। তবে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা এবং নিউইয়র্কের মেয়র নিজে এই আয়োজনের তীব্র বিরোধিতা করেছেন।
প্রতিবাদকারীদের বক্তব্য হলো, ভারতে সংখ্যালঘু মুসলিম ও খ্রিস্টানদের ওপর নানা অত্যাচারের পেছনে আরএসএস-এর হাত রয়েছে বলে বারবার অভিযোগ উঠেছে। ফলে এই সংগঠনের প্রধানের মুখে শান্তির কথা মানায় না।
নিউইয়র্কের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানী সরাসরি বলেন, তিনি কোনো বিদ্বেষমূলক বা উগ্র ভাবাদর্শের প্রচার পছন্দ করেন না। একই সঙ্গে ‘হিন্দুস ফর হিউম্যান রাইটস’ নামের একটি সংগঠন স্পষ্ট জানিয়েছে, মোহন ভাগবত ভারতের সাধারণ হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব করেন না।
অনুষ্ঠানটির মূল আয়োজক সংস্থা ‘আহেড ফোরাম’ নিজেদের সাধারণ সাংস্কৃতিক গোষ্ঠী দাবি করলেও অনুসন্ধানে দেখা গেছে, তাদের নেতাদের সঙ্গে আরএসএস-এর সরাসরি যোগাযোগ রয়েছে।
ভারতে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের কারণে নষ্ট হওয়া ভাবমূর্তি শুধরাতেই পশ্চিমা দেশগুলোতে এমন বড় বড় অনুষ্ঠানের সাহায্য নিচ্ছে তারা।
সূত্র: আল-জাজিরা