ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পরপরই সৌদি আরবে দ্রুততম সময়ে যৌথ বাহিনী ও সামরিক সরঞ্জাম মোতায়েনে সম্মত হয়েছে পাকিস্তান ও তুরস্ক।
সোমবার (৫ অক্টোবর) সৌদি আরবের রিয়াদে আয়োজিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র এক জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তিন দেশের যৌথ বিবৃতিতে বলা হয়, যৌথ প্রতিরক্ষা অঙ্গীকারগুলো অবিলম্বে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট জাতীয় পর্যায়ের কমিটি। অনুমোদিত পরিকল্পনা ও নিজ নিজ দেশের আইন মেনে সৌদি আরবে সেনা ও প্রয়োজনীয় সামরিক সক্ষমতা দ্রুত পৌঁছে দিতে সব ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতি অনুযায়ী, এর মূল উদ্দেশ্য যেকোনো বহিরাগত হুমকি মোকাবিলায় পারস্পরিক সামরিক প্রস্তুতি ও সক্ষমতা বাড়ানো।
সিদ্ধান্তটি এমন সময় এল, যখন এর একদিন আগে রবিবার (৪ অক্টোবর) ইয়েমেনের সৌদি-সমর্থিত কোয়ালিশন সরকার হুতিদের দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে।
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে তিন মুসলিম-প্রধান দেশের এই নিরাপত্তা জোট ও সেনা মোতায়েনকে রাজনৈতিক বিশ্লেষকেরা তাৎপর্যপূর্ণ মনে করছেন।