পত্রিকার শিরোনাম কিংবা বিশ্লেষকদের ব্যাখ্যায় আমরা প্রায়ই দুটি নাম শুনে থাকি—“আলবিসেলেস্তে” ও “সেলেসাও”। আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের ভক্তদের মুখেও তাদের প্রিয় দলকে এই নামগুলোতে ডাকতে শোনা যায়। তাই ২০২৬ ফিফা বিশ্বকাপের উত্তাপ যত বাড়ছে, ততই আবার সামনে আসছে এই প্রশ্ন—আর্জেন্টিনা ও ব্রাজিলকে আমরা কেন এই বিশেষ ডাকনামে চিনি?
ফুটবল শুধু খেলা নয়, এটি সংস্কৃতি, ভাষা এবং ইতিহাসের প্রতিফলন। এই প্রতিফলনের সবচেয়ে পরিচিত উদাহরণ হলো লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি—আর্জেন্টিনা ও ব্রাজিল।
আর্জেন্টিনাকে বলা হয় “আলবিসেলেস্তে”। শব্দটি এসেছে স্প্যানিশ ভাষা থেকে—“আলবি” মানে সাদা এবং “সেলেস্তে” মানে আকাশি নীল। এই নামের পেছনে রয়েছে তাদের জাতীয় পতাকা ও ঐতিহ্যবাহী জার্সির রঙ যা আর্জেন্টিনার জাতীয় পরিচয়ের অংশ।
অন্যদিকে ব্রাজিলের গল্পও আলাদা নয়, তবে ভিন্ন ভাষায় বলা হয়। ব্রাজিল জাতীয় ফুটবল দলকে বলা হয় “সেলেসাও”। এটি পর্তুগিজ শব্দ, যার অর্থ “নির্বাচিত দল” বা জাতীয় দল। ব্রাজিলের পূর্ণ নাম “সেলেসাও ব্রাজিলেইরা”। সময়ের সঙ্গে সঙ্গে এই নামটি সংক্ষিপ্ত হয়ে শুধু “সেলেসাও” হয়ে গেছে, যা এখন বিশ্বজুড়ে ব্রাজিলের ফুটবল পরিচয়ের প্রতীক।
শুধু আর্জেন্টিনা বা ব্রাজিল নয়, বিশ্ব ফুটবলে এমন ডাকনামের প্রচলন অনেক পুরোনো। যেমন ইতালিকে বলা হয় “আজুর্রি” (নীল জার্সির কারণে), জার্মানিকে বলা হয় “দ্য মানশাফ্ট” (দ্য টিম), ফ্রান্সকে বলা হয় “লে ব্লু” (নীল দল)। প্রতিটি নামই তাদের ভাষা, সংস্কৃতি এবং ফুটবল ঐতিহ্যের পরিচয় বহন করে।