মৎস্য, প্রাণিসম্পদ, সামুদ্রিক মৎস্য ও ব্লু ইকোনমি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ দেখিয়েছে ইতালি। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে আয়োজিত একটি অনুষ্ঠানের সাইডলাইনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। এতে বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ইতালির কৃষি, খাদ্য সার্বভৌমত্ব ও বন মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি অব স্টেট লুইজি দে’এরামো অংশ নেন।
বৈঠকে মৎস্য, মৎস্য চাষ, প্রাণিসম্পদ, সামুদ্রিক মৎস্য ও ব্লু ইকোনমিসহ সংশ্লিষ্ট খাতগুলোতে পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান ও মানুষের জীবিকায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের খামারিরাও কৃষক কার্ডের আওতায় আসবেন। এর মাধ্যমে তারা কৃষকদের মতো সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিমন্ত্রী বলেন, টেকসই, জলবায়ু-সহনশীল ও প্রযুক্তিনির্ভর মৎস্য ও মৎস্য চাষ ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ কাজ করছে। এ ক্ষেত্রে উন্নত প্রযুক্তি, গবেষণা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইতালির সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
বৈঠকে মৎস্য, ব্লু ইকোনমি ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। এ বিষয়ে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে মতবিনিময় হয়।
বৈঠকে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সাইফুল ইসলাম এবং ইকনমিক কাউন্সিলর মো. আল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।