পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ সারা দেশে নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত করতে বাস মালিক, চালক, যাত্রী ও পথচারীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ২৩ দফা নির্দেশনা প্রকাশ করা হয়। এতে ঈদযাত্রার সময় সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা কমানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, পরিবহন মালিক ও শ্রমিকদের নির্ধারিত সময়সূচি মেনে বাস পরিচালনা করতে হবে এবং কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। একই আসনের টিকিট একাধিক যাত্রীর কাছে বিক্রি, বাসের ছাদে যাত্রী বহন এবং পণ্যবাহী বা পশুবাহী গাড়িতে যাত্রী পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।
চালকদের উদ্দেশে বলা হয়েছে, সড়কে গতিসীমা মেনে চলতে হবে এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে বাঁক, সরু সেতু ও নিষিদ্ধ এলাকায় ওভারটেকিং না করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া মাদক বা নেশাজাতীয় দ্রব্য সেবন করে, অসুস্থ অবস্থায় বা অতিরিক্ত ক্লান্তি নিয়ে গাড়ি চালানো যাবে না বলেও সতর্ক করেছে পুলিশ। বৈধ ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন, এয়ারফোন ব্যবহার কিংবা উচ্চস্বরে গান বাজানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
ডিএমপি আরও জানিয়েছে, কোনো চালককে একটানা পাঁচ ঘণ্টার বেশি এবং দিনে আট ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করা যাবে না।
যাত্রীদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত কাউন্টার বা টার্মিনাল থেকেই বাসে ওঠা, অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা এবং ব্যক্তিগত মালামাল নিজের তত্ত্বাবধানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
পথচারীদের ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং ও আন্ডারপাস ব্যবহার করে রাস্তা পারাপারের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বলতে বা দৌড়ে রাস্তা পার না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে যাত্রীদের টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ডিএমপি।